সম্প্রীতির বার্তা নিয়ে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা
ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী তার বার্তায় ঈদের আনন্দ সবার জীবনে শান্তি, সহমর্মিতা ও কল্যাণের বার্তা বয়ে আনবে বলে গভীর প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। দীর্ঘ এক মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর এই পবিত্র উৎসব মানুষের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
রমজান মাসের শিক্ষা ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এই মাস সংযম, ত্যাগ, ধৈর্য, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এর মাধ্যমে মানুষ আত্মসংযমী হতে শেখে এবং অন্যের কষ্ট উপলব্ধি করার মানসিকতা অর্জন করে, যা সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত করে।
আরও পড়ুন: তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি
সরকারপ্রধান আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত হলেই ঈদের প্রকৃত তাৎপর্য অর্জিত হয়। ঈদ ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে শক্তিশালী করে।
তিনি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
এর পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করি।
তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত যেন সবার জীবনে বর্ষিত হয়। এছাড়া দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত করতে আল্লাহর দরবারে প্রার্থনা জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/পলি








