যুদ্ধ পরিস্থিতিতে বাহরাইন থেকে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থির যুদ্ধ পরিস্থিতির কারণে বিশেষ ব্যবস্থায় বাহরাইন ছেড়েছেন ২৮২ জন প্রবাসী বাংলাদেশি।
শুক্রবার (২০ মার্চ) সকালে গালফ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। মানামার বাংলাদেশ দূতাবাসের সরাসরি উদ্যোগে আয়োজিত এই ফ্লাইটে করে প্রবাসীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, দূতাবাসের উদ্যোগে পরিচালিত এই ফ্লাইটটি সকাল ৯টায় বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। ২৮২ জন যাত্রী বহনকারী ফ্লাইটটি সৌদি আরবের দাম্মাম হয়ে সরাসরি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। যাত্রীদের অধিকাংশই বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরাও এই ফ্লাইটে অন্তর্ভুক্ত হয়েছেন।
যাত্রার আগে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার মানামার গোল্ডেন টিউলিপ হোটেলে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি বর্তমান পরিস্থিতিতে ধৈর্য ধরার আহ্বান জানান এবং দেশে ফিরতে যাওয়া যাত্রীদের সার্বিক খোঁজখবর নেন। একই সঙ্গে দ্রুততম সময়ে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করায় গালফ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং যাত্রীদের জন্য শুভকামনা ব্যক্ত করেন।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আইএমওর বিশেষ বৈঠকে বাংলাদেশ
দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজেও এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে, যেখানে উল্লেখ করা হয় যে, বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং প্রবাসীদের নিরাপদ প্রত্যাবর্তনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রয়েছে।
এদিকে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, যুদ্ধাবস্থা বিরাজমান দেশগুলোতে বাংলাদেশের মিশন ও দূতাবাসগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, সরকারের ব্যয়ে বাংলাদেশ বিমানের স্ট্যান্ডার্ড ফ্লাইটের মাধ্যমেও প্রবাসীদের দেশে ফেরানোর উদ্যোগ চলমান রয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








