News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৫, ১৯ মার্চ ২০২৬

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

বসবাসের জন্য আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানের নিজ বাসভবনে থাকতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বসবাসের সিদ্ধান্ত না নিলেও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময়ের আয়োজন যমুনাতেই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান যমুনায় উঠবেন কি না, তা নিয়ে গত কিছুদিন ধরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বেশ আলোচনা চলছিল। 

এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে অতিরিক্ত প্রেস সচিব জানান, বিশেষ কোনো দাপ্তরিক বা রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া প্রধানমন্ত্রী আপাতত যমুনায় থাকছেন না। তিনি নিজের গুলশানের বাসভবন থেকেই দৈনন্দিন রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। এর আগে গণমাধ্যমে খবর এসেছিল যে, ঈদের পর যমুনায় প্রধানমন্ত্রীর বসবাসের প্রস্তুতি চলছে, যা আজ আনুষ্ঠানিকভাবে নাকচ করে দেওয়া হলো।

আরও পড়ুন: জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

বসবাস না করলেও ঈদুল ফিতরের রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোর কেন্দ্রবিন্দু থাকছে অতিথি ভবন যমুনা। 

আতিকুর রহমান রুমন জানান, ঈদের দিন সকাল ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন। নামাজ আদায় শেষে সকাল ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে তিনি পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

উল্লেখ্য, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সর্বশেষ ব্যবহৃত হয়েছে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন হিসেবে। গত মাসে তিনি এই ভবনটি ছেড়ে দেন। এরপর থেকে ভবনটি প্রধানমন্ত্রীর বসবাসের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে গুঞ্জন উঠলেও আপাতত গুলশানের বাসভবনই হচ্ছে প্রধানমন্ত্রীর প্রধান কেন্দ্র।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়