জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি ঐকমত্য পোষণ করেছিল, নবগঠিত সরকার সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নে শতভাগ অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি স্পষ্ট করেন যে, জনম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা এই সরকার জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করতে এবং দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা ও সংসদীয় চর্চা বজায় রাখতে বদ্ধপরিকর।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবিধান সংস্কার ও জুলাই সনদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জুলাই সনদের যেসব বিষয়ে আমরা সই করেছি, সেগুলো বাস্তবায়নে আমরা এক চুলও নড়ব না। তবে কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। যেকোনো গুরুত্বপূর্ণ ইস্যু সংসদে উত্থাপিত হওয়া উচিত। সেখানে বিতর্ক হবে, প্রয়োজনে ওয়াকআউট হবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সংসদকে পাশ কাটিয়ে রাজপথে হুমকির সংস্কৃতি আমরা বন্ধ করতে চাই।
তিনি আরও যোগ করেন, দেশে বর্তমানে ‘মব কালচার’ বা বিশৃঙ্খলা নেই বললেই চলে এবং একটি স্বাধীন ও শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নেবে সরকার।
সরকারের এক মাসের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ইতোমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি এবং কৃষক কার্ডের মতো জনকল্যাণমুখী পদক্ষেপগুলো নতুন সরকারের বড় অর্জন।
আরও পড়ুন: সংসদে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি
তিনি উল্লেখ করেন, বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই কোনো না কোনো বৈশ্বিক সংকটের মুখোমুখি হতে হয়। এবারও দায়িত্ব গ্রহণের পরপরই ইরান-ইসরায়েল যুদ্ধের মতো বড় সংকট তৈরি হয়েছে। কিন্তু সরকারের যোগ্য ব্যবস্থাপনার কারণে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও দেশে তেলের দাম বাড়েনি এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। এমনকি গার্মেন্টস খাতের শ্রমিকদের বেতন নিয়ে এবার কোনো অসন্তোষ তৈরি হয়নি, কারণ সরকার আগেভাগেই কার্যকর পদক্ষেপ নিয়েছিল।
স্থানীয় সরকার নির্বাচন ও দলীয় কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন এলজিআরডি মন্ত্রী।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দ্রুত কাজ চলছে এবং চলতি বছরের মধ্যেই যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি এ বছরই বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনার কথা জানান তিনি।
প্রশাসনে দলীয় লোক নিয়োগ সংক্রান্ত সমালোচনার জবাবে তিনি বলেন, দলীয় সরকার স্বাভাবিকভাবেই যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেবে। এ নিয়ে সমালোচনার কিছু নেই, কারণ অতীতেও বিএনপি যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দিয়েছে।
বগুড়ার সান্তাহারে ট্রেন লাইনচ্যুতির ঘটনাকে অত্যন্ত দুঃখজনক অভিহিত করে মন্ত্রী বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। উদ্ধার কাজ দ্রুত শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক ও নিরাপদ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনের শেষে তিনি বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেশের অর্থনীতিকে পুনরায় শক্তিশালী ও স্থিতিশীল করার কথা উল্লেখ করেন এবং এই লক্ষ্য অর্জনে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








