News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩৭, ১৮ মার্চ ২০২৬

সংসদে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি

সংসদে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সুচারুভাবে সম্পাদনের লক্ষ্যে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের অনুকূলে এই দায়িত্ব নির্দিষ্ট করে মঙ্গলবার (১৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জাতীয় সংসদে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের প্রশ্নোত্তর প্রদানসহ সংশ্লিষ্ট সব সংসদীয় কার্যক্রম সম্পাদন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অনুপস্থিত থাকলে এ দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধানমন্ত্রীর অধীন প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। পাশাপাশি রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের বিকল্প দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে কার্যালয়ের দায়িত্বে মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ক্ষেত্রে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বিকল্প হিসেবে শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অনুপস্থিত থাকলে তার দায়িত্ব ভাগ করে পালন করবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের অনুপস্থিতিতে সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের বিকল্প হিসেবেও দায়িত্বে থাকবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। নৌপরিবহন ও সেতু বিভাগের বিকল্প দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানকে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট কার্যাবলি সম্পাদন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো মন্ত্রণালয় বা বিভাগের মূল দায়িত্বপ্রাপ্ত ও বিকল্প দায়িত্বপ্রাপ্ত উভয় মন্ত্রীই সংসদে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট বিষয়ের দায়িত্ব পালন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অতিরিক্ত দায়িত্ব হিসেবে এসব কার্যক্রম পরিচালনা করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়