News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২১, ১৪ মার্চ ২০২৬

 সময়মতো অফিসে না আসাও বড় দুর্নীতি: স্বাস্থ্যমন্ত্রী

 সময়মতো অফিসে না আসাও বড় দুর্নীতি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

শুধু ঘুষ গ্রহণই দুর্নীতি নয়, সময়মতো অফিসে উপস্থিত না হওয়াও বড় ধরনের দুর্নীতি বলে এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

শনিবার (১৪ মার্চ) সকালে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মানিকগঞ্জ পরিদর্শন এবং মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করা এবং সাধারণ মানুষ যাতে হাসপাতালে এসে তাদের প্রাপ্য সেবা পায় সে লক্ষ্যেই সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

পরিদর্শনের সময় হাসপাতালে কয়েকজন চিকিৎসক ও কর্মচারীকে অনুপস্থিত পাওয়া যায় বলে উল্লেখ করে তিনি জানান, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বাস কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার

হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, সরকার চায় সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। অনেক ক্ষেত্রে ওষুধ সরবরাহে দুর্নীতি, রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার ঠিকমতো না দেওয়া এবং চিকিৎসক-নার্সদের সময়মতো হাসপাতালে উপস্থিত না থাকার মতো অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়ম নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়