News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৭, ১১ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৪৪, ১১ মার্চ ২০২৬

বিশেষ ফ্লাইটে কাতারে আটকা বাংলাদেশিদের ঢাকায় ফেরার ব্যবস্থা

বিশেষ ফ্লাইটে কাতারে আটকা বাংলাদেশিদের ঢাকায় ফেরার ব্যবস্থা

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে বিরাজমান সাম্প্রতিক যুদ্ধাবস্থার প্রেক্ষিতে কাতারে আটকে পড়া বাংলাদেশি নাগরিক ও তাদের পরিবারকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ নিয়েছে দোহাস্থ বাংলাদেশ দূতাবাস। 

বুধবার (১১ মার্চ) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে। আটকে পড়া প্রবাসীদের দ্রুত ঢাকায় প্রত্যাবর্তনের সুবিধার্থে কাতার সরকার এবং দেশটির জাতীয় বিমান সংস্থা কাতার এয়ারওয়েজের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে দূতাবাস কর্তৃপক্ষ।

দূতাবাস জানিয়েছে, বিশেষ এই ফ্লাইটে যাত্রী নির্বাচনের ক্ষেত্রে মানবিক দিকটি সর্বোচ্চ গুরুত্ব পাবে। বিশেষ করে বাংলাদেশি পরিবারগুলোর শিশু, নারী এবং বয়স্ক সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্লাইটে আসন বরাদ্দ দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেক প্রবাসী পরিবার বর্তমানে সেখানে আটকা পড়ে আছেন, যাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া প্রয়োজন বলে মনে করছে বাংলাদেশ মিশন।

আরও নাম: ১২ দিনে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল

আগ্রহী যাত্রীদের একটি সুশৃঙ্খল তালিকা প্রস্তুত করার লক্ষ্যে দূতাবাস ইতিমধ্যে কাজ শুরু করেছে। এ লক্ষ্যে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি গুগল ফর্ম লিঙ্ক শেয়ার করা হয়েছে। লিঙ্কে প্রবেশ করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে আগ্রহী যাত্রীদের আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আবেদনের লিঙ্ক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdgDAHFtb-fdeoUv1-T1O86jE0rLTxK3Mhn_tw70JiDd2Jkyw/viewform

পেট্রোলিয়াম সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বর্তমানে ৪ লাখের বেশি বাংলাদেশি নাগরিক বসবাস করছেন, যা কাতারের মোট জনসংখ্যার প্রায় ১২.৫ শতাংশ। প্রবাসী এই বিশাল জনশক্তি কাতারের নির্মাণ শিল্প, সেবা খাত এবং বিভিন্ন বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন। যুদ্ধাবস্থার কারণে তাদের নিরাপত্তা এবং জরুরি যাতায়াত নিশ্চিত করা এখন দূতাবাসের প্রধান অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে।

উদ্ভুত পরিস্থিতিতে সকল নাগরিককে ধৈর্য ধারণ করার এবং দূতাবাসের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়