ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা
ছবি: সংগৃহীত
মরণঘাতী ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে জনজীবন সুরক্ষিত রাখতে আগামী ১৪ মার্চ থেকে সারাদেশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে এডিস মশার বিস্তার রোধে কেবল সরকারি উদ্যোগ নয়, বরং জনসচেতনতা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া জনস্বাস্থ্যের জন্য এক বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এই রোগের কারণে ইতিমধ্যে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। তবে সবাই সচেতন হলে এসব রোগ থেকে নিজেদের সুরক্ষা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এডিস প্রজাতির মশার কামড়ে মানুষ এই রোগে আক্রান্ত হয়। তাই আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।
তিনি আরও সতর্ক করেন, সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেলেও বর্তমানে এই রোগ আর কোনো নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নেই। বছরের যেকোনো সময় মানুষ ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
আরও পড়ুন: এমপি-মন্ত্রীরদের চাল-চলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলছেন, বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে মাত্র তিন দিনেই এডিস মশার প্রজনন শুরু হতে পারে। তাই তিনি ঘরের আঙিনা, ড্রেন, ডোবা, নর্দমা, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার এবং ছাদসহ আশপাশের সমস্ত স্থানে পানি জমতে দেবার ব্যাপারে জনগণকে সতর্ক করেছেন। তিনি আরও বলেন, পানির ট্যাংক অবশ্যই ঢেকে রাখা এবং অন্তত সপ্তাহে একবার বাসা ও আশপাশ পরিষ্কার রাখা আবশ্যক।
সরকারের উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই স্থানীয় প্রশাসন পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তিনি জাতীয় সংসদের সদস্য ও সর্বস্তরের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার নিজের এলাকার বসতবাড়ি ও আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন।
প্রধানমন্ত্রী বার্তায় বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চললে, আসন্ন দিনে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী জ্বর থেকে জনগণ নিজেদের রক্ষা করতে পারবে। আমাদের জাতীয় স্বাস্থ্যনীতির মূল নীতি হলো ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’। অতএব কোথাও ময়লা পানি জমতে দেবেন না। নিজের বাসা-বাড়ি ও আশেপাশ পরিষ্কার রাখুন, নিজেকে রক্ষা করুন, অপরকে রক্ষা করুন।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রধান অস্ত্র হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি এলাকায় স্থানীয় প্রশাসন ও জনগণ অংশগ্রহণে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা হবে। সক্রিয় ও সচেতন জনগণই মরণঘাতী মশাবাহিত রোগের প্রাদুর্ভাব কমাতে সক্ষম।
নিউজবাংলাদেশ.কম/পলি








