News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৮, ১০ মার্চ ২০২৬

প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমাদের কথা রেখেছি: মির্জা ফখরুল

প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমাদের কথা রেখেছি: মির্জা ফখরুল

এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

সরকারের এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম সরকারে এলে ফ্যামিলি কার্ড চালু করা হবে। তিনি বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি। আমরা আমাদের কথা রেখেছি।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ইউআই আলিম মাদরাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রাথমিক পর্যায়ে কার্ড বিতরণ শুরু হয়েছে, এবং প্রত্যেক ঘরে ঘরে কার্ড পৌঁছাবে বলে আশ্বাস দেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড একটা শক্তি বা ক্ষমতা। এই কার্ডের মাধ্যমে একটি ক্ষমতা তৈরি হবে আপনাদের। পুরুষেরা আপনাদের গুরুত্ব দেওয়া শুরু করবে। সবার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি আমাদের এই এলাকা বেছে নিয়েছেন।

সরকারে আসার ২২ দিনের মধ্যে কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে ফখরুল বলেন, ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করা হয়েছে। ১৬ তারিখে খাল-খনন শুরু হবে। বর্ষার সময় যে পানি হয় তা সংরক্ষণ করে খরায় কাজে লাগানো হবে। প্রত্যেক কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, সেচ ও বীজ কিনতে পারবেন।

তিনি আরও বলেন, ১৫ বছর এদেশে আইনকানুন ছিল না। আমাদের নানাভাবে নির্যাতন করা হয়েছে। এবারে কোনো টাকা-পয়সা লাগেনি। হতাশ হবেন না, সবাইকে কার্ড দেওয়া হবে। নারী ডিসি, এসপিরাও কার্ড পাবেন। জনগণের শক্তির কাছে কোনো শক্তিই বড় নয়।

নির্বাচনের আগে নিজের শেষ নির্বাচনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারব না। তবে কিছু কাজ করে যেতে চাই। ২০২৭ সালে মেডিক্যাল কলেজে ভর্তি শুরু হবে, বিশ্ববিদ্যালয়-বিমানবন্দরের কাজ শুরু হবে। বেকারদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে এবং মাদকের রোষানল থেকে প্রজন্মকে রক্ষা করব।

আরও পড়ুন: জনগণকে দেওয়া প্রতিশ্রুতি কোনোভাবেই পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী

এ সময় ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত ফারজানা সহ বিএনপির নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়