জনগণকে দেওয়া প্রতিশ্রুতি কোনোভাবেই পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন বনানীর টিঅ্যান্ডটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে কিছুটা দেরি হতে পারে, তাই সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং এক মাসের কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে।
দেশের অর্ধেক জনসংখ্যা নারী উল্লেখ করে তিনি বলেন, তাদের মূল্যায়ন ও ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। ফ্যামিলি কার্ড প্রকল্প হাতে নেওয়া হয়েছে নারীদের স্বাবলম্বী ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য।
তারেক রহমান বলেন, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছি, আজ তা বাস্তবায়িত হচ্ছে।
আরও পড়ুন: ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের ১৪টি জেলার ৩৭,৫৬৭ জন নারীকে সুবিধা দেওয়া হবে। কড়াইল, ৭তলা ও ভাষানটেকের ১৫ হাজার নারীর হাতে আজ কার্ড বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে দেশের ৪ কোটি নারী প্রধান পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
এছাড়া তিনি জানান, আগামী মাসের মধ্যেই কৃষক কার্ডও চালু করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








