ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার
ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
সোমবার (০২ মার্চ) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে মন্ত্রণালয়ে পৌঁছান তিনি।
হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত গভীর বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান। দুই দেশের পারস্পরিক স্বার্থে এই বাণিজ্য আরও সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। একই সঙ্গে ভিসা সংক্রান্ত জটিলতা কাটিয়ে কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার বিষয়েও তিনি আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন, জনগণের পারস্পরিক যোগাযোগ ও ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ভিসা সেবা পুনরায় পূর্ণমাত্রায় চালু করা জরুরি।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ভারতীয় হাইকমিশনার মূলত নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছিলেন। আলোচনায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। সীমান্ত হাট (বর্ডার হাট) এবং বন্ধ থাকা বেশ কয়েকটি স্থলবন্দর পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের স্বার্থে এসব উদ্যোগ সামনে বাস্তবায়িত হতে পারে। তবে ভারতের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে এ বৈঠকে কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।
আরও পড়ুন: বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
এর আগে রবিবার (০১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ-এর সঙ্গে বৈঠকেও ভিসা ইস্যুতে আলোচনা হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত দেড় বছরে ভারতের কনস্যুলেট ও ভিসা অফিসগুলোতে বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটায় নিরাপত্তাজনিত কারণে তারা পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারেনি। তবে ভারতীয় পক্ষ বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।
উল্লেখ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশিদের জন্য ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ করে ভারত। সর্বশেষ সোমবার বাংলাদেশিদের ভিসা সেবা স্বাভাবিক করার বিষয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








