News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৯, ১৬ মার্চ ২০২৬

৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় পিএসসির কঠোর নির্দেশনা

৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় পিএসসির কঠোর নির্দেশনা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের জন্য নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে। 

রবিবার (১৫ মার্চ) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা ও জালিয়াতি প্রতিরোধে এবার আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৯ এপ্রিল শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত চলবে। এরপর কারিগরি ও পেশাগত বা পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ২৭ এপ্রিল শুরু হয়ে ৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে একযোগে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পিএসসি জানিয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে কমপক্ষে ৩০ মিনিট আগে উপস্থিত থাকতে হবে। এ পর্যায়ের লিখিত পরীক্ষায় মোট ১২ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, মোবাইল ফোন, ডিজিটাল বা অ্যানালগ ঘড়ি, ক্যালকুলেটর, বই-পুস্তক ও ব্যাগ বহন করা যাবে না। এছাড়া চাবি, মানিব্যাগ, গয়না, ব্রেসলেট এবং ক্রেডিট বা ডেবিট কার্ডসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসও সঙ্গে রাখা নিষিদ্ধ। এ ধরনের সামগ্রী সঙ্গে থাকলে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।

পরীক্ষার দিনে কেন্দ্রের প্রবেশপথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের বিশেষ টিম মোতায়েন থাকবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাইয়ের পাশাপাশি মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। ইতোমধ্যে পরীক্ষার্থীদের মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে নির্দেশনাগুলো জানানো শুরু করেছে পিএসসি।

আরও পড়ুন: চাকরি দেবে ব্যাংক এশিয়া

এছাড়া পরীক্ষার সময় কানের ওপর কোনো ধরনের আবরণ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। কানের ওপর আবরণ থাকলে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে চিকিৎসাজনিত কারণে শ্রবণ সহায়িকা ব্যবহার প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগেভাগে কমিশনের লিখিত অনুমতি নিতে হবে।

পিএসসি জানিয়েছে, পরীক্ষা শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং জালিয়াতি প্রতিরোধের লক্ষ্যেই এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়