News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২১, ১৮ মার্চ ২০২৬
আপডেট: ০৮:২৮, ১৮ মার্চ ২০২৬

ইসরায়েলি হামলায় আলি লারিজানি নিহত, নিশ্চিত করল ইরান

ইসরায়েলি হামলায় আলি লারিজানি নিহত, নিশ্চিত করল ইরান

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি। ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে তার ওপর এই হামলা চালানো হয়। হামলার পরপরই ইসরায়েল তার মৃত্যুর দাবি জানায়।

প্রায় একদিন পর, বাংলাদেশ সময় বুধবার রাত ৩টার দিকে ইরান আনুষ্ঠানিকভাবে লারিজানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। জাতীয় নিরাপত্তা কাউন্সিল এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে, যা প্রচার করে ইরানের বার্তাসংস্থা মেহের নিউজ এজেন্সি।

বিবৃতিতে বলা হয়, ‘ইরান ও ইসলামি বিপ্লবের আদর্শ সমুন্নত রাখতে আজীবন সংগ্রামের পর আলি লারিজানি তার কাঙ্ক্ষিত পরিণতি লাভ করেছেন। দেশ ও জাতির সেবায় আত্মনিবেদন করে তিনি শাহাদাতের মর্যাদা অর্জন করেছেন।’

এদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তেল আবিব-এ সাম্প্রতিক প্রাণঘাতী হামলা ছিল লারিজানি, তার ছেলে ও এক সহযোগীর হত্যার প্রতিশোধ। তাদের দাবি, ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডের কেন্দ্রস্থলে ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইরানের আরেক বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে জানানো হয়, ইসরায়েলের বহুস্তরবিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার কারণেই এসব হামলা সফল হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, তেল আবিবে হামলার সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

এর আগে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর কার্যত নেতৃত্বে আসেন আলি লারিজানি এবং তার অধীনেই ইরানের সামরিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল বলে জানা যায়। সূত্র: আল জাজিরা

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়