News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪১, ১১ মার্চ ২০২৬

দুবাই বিমানবন্দরে ড্রোন হামলায় বাংলাদেশিসহ আহত ৪

দুবাই বিমানবন্দরে ড্রোন হামলায় বাংলাদেশিসহ আহত ৪

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের (ডিএক্সবি) নিকটবর্তী এলাকায় দুটি ড্রোন হামলায় একজন বাংলাদেশি নাগরিকসহ মোট চারজন বিদেশি শ্রমিক আহত হয়েছেন। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেও বিমানবন্দরের কার্যক্রম ও ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। 

বুধবার (১১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দুবাই সরকারের মিডিয়া অফিস। ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনও প্রতিবেদন প্রকাশ করেছে।

দুবাই মিডিয়া অফিসের এক বিবৃতিতে জানানো হয়, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নিকটবর্তী এলাকায় অল্প সময়ের ব্যবধানে দুটি ড্রোন পড়ে যায়। এতে এক ভারতীয় নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। এছাড়া দুইজন ঘানার নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিক সামান্য আহত হয়েছেন।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে বাংলাদেশি ও দুই ঘানার নাগরিকের আঘাত গুরুতর নয় এবং তাদের আঘাতকে ‘মাইনর ইনজুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ভারতীয় নাগরিকের ক্ষেত্রে ‘মডারেট ইনজুরি’ বা মাঝারি ধরনের আঘাতের কথা বলা হয়েছে।

ঘটনার পরও দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিমানবন্দরের কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি বলেও জানানো হয়েছে।

তবে ড্রোন দুটি পড়ে যাওয়ার ফলে বিমানবন্দরের অবকাঠামো বা আশপাশের এলাকায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সূত্র: সিএনএন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়