News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১২, ১৯ মার্চ ২০২৬

গোয়েন্দামন্ত্রী নিহতের খবর নিশ্চিত করল ইরান

গোয়েন্দামন্ত্রী নিহতের খবর নিশ্চিত করল ইরান

ছবি: সংগৃহীত

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি ও প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব নিহত হওয়ার তথ্যও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তেহরান। 

বুধবার (১৮ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই ধারাবাহিক হত্যাকাণ্ডকে “কাপুরুষোচিত হামলা” বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বলেন, ইসমাইল খাতিব, আলী লারিজানি ও আজিজ নাসিরজাদেহসহ তাদের পরিবারের কয়েকজন সদস্য এবং সফরসঙ্গীদের হত্যাকাণ্ডে ইরান গভীরভাবে শোকাহত।

এর আগে ইরানের কর্তৃপক্ষ আলী লারিজানি ও আজিজ নাসিরজাদেহের মৃত্যুর খবরও নিশ্চিত করে। সাম্প্রতিক এই হামলাগুলোর জেরে তেহরানের রাজপথে নিহত নেতাদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ জড়ো হয়েছেন। একই সময়ে ইসরায়েল তাদের অভিযানের কৌশলগত দিক নিয়ে বিস্তারিত কিছু না জানালেও দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইঙ্গিত দিয়েছেন, ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা কাঠামো ভেঙে দেওয়াই এ অভিযানের লক্ষ্য।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ২১ দিন সংলাপ চলে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়। পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে ইরানে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান চালায়। রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সূত্র জানিয়েছে, ওই অভিযানের প্রথম ধাক্কায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

আরও পড়ুন: আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। টানা প্রায় তিন সপ্তাহের হামলা-পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্য নতুন করে অস্থির হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামোর শীর্ষ পর্যায়ের তিন ব্যক্তিকে হারানো ইরানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়