চ্যাটজিপিটি ছাড়ছে ২৫ লাখের বেশি ব্যবহারকারী
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ব্যবহার করেন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ। তবে সম্প্রতি এই সেবাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একটি ওয়েবসাইটের দাবি, প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে চুক্তি করার পর প্রতিবাদ হিসেবে ২৫ লাখের বেশি ব্যবহারকারী চ্যাটজিপিটি ব্যবহার বন্ধ করার অঙ্গীকার করেছেন।
ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় এআই সেবা, যার ব্যবহারকারী সংখ্যা প্রায় ৯০ কোটিরও বেশি। গত সপ্তাহে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ তাদের গোপন নেটওয়ার্ক বা ক্লাসিফায়েড সিস্টেমে এই এআই মডেল ব্যবহারের সুযোগ পাবে।
এই চুক্তিকে কেন্দ্র করে একটি ওয়েবসাইট ব্যবহারকারীদের চ্যাটজিপিটি বয়কট করার আহ্বান জানায়। তাদের দাবি, সামাজিক মাধ্যমে শেয়ার ও অ্যাপ ব্যবহারের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ইতোমধ্যে ২৫ লাখের বেশি মানুষ সেবা ত্যাগের ঘোষণা দিয়েছেন। ওয়েবসাইটটি জানায়, তারা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে একত্র করে এই প্রতিবাদ সংগঠিত করার চেষ্টা করছে।
এদিকে বিতর্কের মধ্যেই বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্যে দেখা গেছে, অ্যানথ্রপিকের তৈরি ‘ক্লড’ চ্যাটবট অ্যাপল অ্যাপ স্টোরের শীর্ষ স্থানে উঠে এসেছে। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, একদিনের ব্যবধানে চ্যাটজিপিটি মোবাইল অ্যাপ আনইনস্টলের হার ২৯৫ শতাংশ পর্যন্ত বেড়েছে।
সমালোচনার মুখে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান স্বীকার করেছেন, চুক্তিটি দ্রুত করা ঠিক হয়নি। তিনি বলেন, বিষয়টি জটিল ছিল এবং এ বিষয়ে আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা দেওয়া প্রয়োজন ছিল।
আরও পড়ুন: প্রাণীর ভাষা অনুবাদের অ্যালগরিদম আবিষ্কার করে গিনেসে মনোনীত নাহিদ
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই এখন এই চুক্তিতে কিছু পরিবর্তন আনছে। প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানাতে চায়, তাদের প্রযুক্তি গণনজরদারি কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)সহ কোনো গোয়েন্দা সংস্থার নজরদারি কার্যক্রমে ব্যবহার করা যাবে না।
নিউজবাংলাদেশ.কম/এসবি








