বিজ্ঞাপনদাতাদের থেকে অতিরিক্ত ফি নেবে মেটা
ছবি: সংগৃহীত
ডিজিটাল সেবা করের চাপ সামলাতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ইউরোপের বিভিন্ন দেশে আরোপিত ডিজিটাল করের খরচ সমন্বয় করতেই এই নতুন ফি চালু করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির এক ঘোষণায় বলা হয়েছে, বিজ্ঞাপনের জন্য ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত ‘লোকেশন ফি’ নেওয়া হবে। এটি আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। ফি প্রযোজ্য হবে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত ছবি ও ভিডিও বিজ্ঞাপনের ক্ষেত্রে, যার মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপের ক্লিক-টু-মেসেজ প্রচারণা এবং বিপণন বার্তার সঙ্গে যুক্ত বিজ্ঞাপন।
মেটা জানিয়েছে, এত দিন এই অতিরিক্ত খরচ প্রতিষ্ঠানটি নিজেই বহন করছিল। তবে পরিবর্তিত বৈশ্বিক নিয়ন্ত্রক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রাখতে নতুন নীতিমালা অনুযায়ী বিজ্ঞাপনদাতাদের থেকে ফি নেওয়া হবে।
ফি নির্ধারণ হবে বিজ্ঞাপন দেখা হবে সেই দেশের ওপর ভিত্তি করে, বিজ্ঞাপনদাতার ব্যবসার অবস্থানের ওপর নয়। ছয়টি দেশে এই ফি কার্যকর হবে—যুক্তরাজ্যে ২ শতাংশ, ফ্রান্স, ইতালি ও স্পেনে ৩ শতাংশ এবং অস্ট্রিয়া ও তুরস্কে ৫ শতাংশ।
ডিজিটাল কর সাধারণত বড় প্রযুক্তি কোম্পানিগুলোর স্থানীয় আয়ের ওপর নির্দিষ্ট হারে আরোপ করা হয়। তবে যুক্তরাষ্ট্রের প্রশাসন এই করের সমালোচনা করে বলেছে, এটি মূলত মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
প্রযুক্তি খাতের বিশ্লেষকেরা বলছেন, ইউরোপে ডিজিটাল কর কার্যকর হওয়ায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনছে। এর আগে গুগল এবং অ্যামাজনও একই ধরনের অতিরিক্ত ফি আরোপের পথ বেছে নিয়েছিল।
আরও পড়ুন: জার্মানিতে ৫০ হাজার কর্মী ছাঁটাই করবে ফক্সওয়াগেন
নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে বিজ্ঞাপন বাজারে খরচ কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মতে, পরিবর্তিত নীতিমালার সঙ্গে খাপ খাইয়ে নিতে এ ধরনের পদক্ষেপ অপরিহার্য।
নিউজবাংলাদেশ.কম/এসবি








