জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪১, ২ জুন ২০২৬
আপডেট: ০৮:৪২, ২ জুন ২০২৬

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) ভোররাত পৌনে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার মালিগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা একটি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষ নিহত হন। আহত হন এক শিশুসহ তিনজন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন: সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মারা গেছেন

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গেছে। গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়