News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০১, ১৫ মার্চ ২০২৬

সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার

সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যে সরকার চুক্তির বাইরে গিয়ে জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ১ লাখ মেট্রিক টন ডিজেল এবং ২৫ হাজার টন গ্যাসোলিন কিনেছে। এ ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৬ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চলমান সংকট নিরসনে দেশের জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা ও অপ্রত্যাশিত ঘাটতি প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা হচ্ছে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, চলতি মাসে জ্বালানির যোগানে ১৭টি জাহাজের এলসি খোলা হয়। এর মধ্যে মাত্র ৪টির জ্বালানি দেশে পৌঁছেছে। এছাড়া ৬টি এলসির জ্বালানি এখনো অপেক্ষমাণ এবং ৭টি এলসির সরবরাহ নিশ্চিত হয়নি।

আগামী এপ্রিলে জ্বালানির যোগানে ১৫টি জাহাজের এলসি খোলা হয়েছে। এর মধ্যে ১৩টি পার্সেল সরবরাহের অনুমতি পেয়েছে, তবে এ পর্যন্ত মাত্র ৩টির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এই পরিস্থিতিতে সংকট নিরসনে প্রতিবেশী দেশগুলো- ভারত, চীন ও জাপানের কাছ থেকে সহায়তা চাওয়া হয়েছে।

সময়সাপেক্ষতার কারণে সরকার বিদ্যমান চুক্তির বাইরে গিয়ে অতিরিক্ত জ্বালানি তেল আমদানি করার উদ্যোগ নিয়েছে। মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগের পর সৌদি প্রিন্সের কোম্পানি পেট্রোগ্যাস ইন্টারন্যাশনালকে চূড়ান্ত করা হয়েছে। তাদের কাছ থেকে কেনা হচ্ছে ১ লাখ মেট্রিক টন ডিজেল এবং ২৫ হাজার টন গ্যাসোলিন।

আরও পড়ুন: ১৪ দিনে রেমিট্যান্স এলো ২২০ কোটি ৫০ লাখ ডলার 

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যে দেশীয় কূপ খননের পাশাপাশি বিকল্প উৎস থেকে জ্বালানির নিরবচ্ছিন্ন যোগান নিশ্চিত করা সরকারের মূল লক্ষ্য।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়