জ্বালানি তেল সরবরাহে নতুন নির্দেশনা
ফাইল ছবি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে দেশের বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় নতুন নির্দেশনা দিয়েছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, অকটেন ও পেট্রোলের ক্ষেত্রে গড় বিক্রয়ের তুলনায় সরবরাহ কমানোর হার আগের ২৫ শতাংশ থেকে কমিয়ে এখন ১৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ আগের সিদ্ধান্তের তুলনায় কার্যত ১০ শতাংশ বেশি জ্বালানি সরবরাহ করা হবে।
বুধবার (১১ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতির মধ্যে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখা এবং অভ্যন্তরীণ বাজারে সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোলের গড় বিক্রয় থেকে পূর্বঘোষিত ২৫ শতাংশ হ্রাসের পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ হ্রাস করে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ করা হবে।
আরও পড়ুন: ৬ জাহাজ থেকে খালাস হচ্ছে জ্বালানি,পথে আরও ৪
নতুন নির্দেশনা অনুযায়ী প্রতিটি ফিলিং স্টেশনে নির্ধারিত বরাদ্দ চার্ট অনুসারে জ্বালানি তেল সরবরাহ করা হবে। এ বিষয়ে বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপারিনটেনডেন্ট, বিক্রয় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিপিসি জানিয়েছে, বৈশ্বিক সংকটজনিত সম্ভাব্য সরবরাহ বিঘ্ন মোকাবিলা এবং দেশের মানুষের চাহিদা বিবেচনায় রেখে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখতেই এই নির্দেশনা জারি করা হয়েছে। এর আগে রেশনিং ব্যবস্থার আওতায় ফিলিং স্টেশনগুলোতে গড় বিক্রয়ের তুলনায় ২৫ শতাংশ কম জ্বালানি সরবরাহ করা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই হ্রাসের হার কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সরবরাহের ওপর নজরদারি অব্যাহত রয়েছে এবং বৈশ্বিক পরিস্থিতির উন্নতি হলে সরবরাহ ব্যবস্থা পুনরায় স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার বিষয়েও পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার এই সময়ে সরবরাহ ব্যবস্থায় নিয়ন্ত্রিত সমন্বয় জ্বালানি সাশ্রয় এবং দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হতে পারে।
নিউজবাংলাদেশ.কম/পলি








