৯ মাস পর ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু
ছবি: সংগৃহীত
দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩৬৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৭ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মো. এনামুল হক জানান, শুক্রবার রাত ২টা থেকে ইউনিটটি পুরোদমে উৎপাদনে এসেছে। গ্যাস সংকটের কারণে ২০২৫ সালের ১৪ জুন থেকে এই ইউনিটের উৎপাদন বন্ধ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্যাস সরবরাহ পুনরায় চালু হওয়ায় শুক্রবার রাত থেকেই উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে।
বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে কেন্দ্রটিতে গ্যাস সংকট চলছিল। এর ফলে ২০২৫ সালের জুন মাসে পর্যায়ক্রমে ৫ নম্বর (২১০ মেগাওয়াট), ৪ নম্বর (৩৬০ মেগাওয়াট) ও ৭ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
কর্তৃপক্ষ জানায়, সার কারখানায় গ্যাস সরবরাহ অগ্রাধিকার পাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। বিকল্পভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদনও করা হয়েছিল।
অন্যদিকে, কেন্দ্রটির ৬ নম্বর ইউনিটটি ২০১০ সালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এছাড়া ১ ও ২ নম্বর ইউনিটযেগুলো ১৯৭৪ ও ১৯৭৬ সালে উৎপাদনে আসে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৯ বছর ধরে বন্ধ রয়েছে। এসব পুরোনো ইউনিট ভেঙে নতুন ইউনিট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুন: ঈদের আগে প্রবাসী আয়ের জোয়ারে শক্তিশালী হচ্ছে রিজার্ভ
প্রধান প্রকৌশলী আরও জানান, ৩ নম্বর ইউনিটের টারবাইনের রোটার ব্লেডে ত্রুটির কারণে সেটির মেরামত চলছে। এছাড়া ৪ ও ৫ নম্বর ইউনিট প্রস্তুত রয়েছে, পর্যাপ্ত গ্যাস সরবরাহ পাওয়া গেলে সেগুলোও দ্রুত উৎপাদনে আনা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








