ঈদের আগে সোনার দাম কমল, ভরিতে কমেছে ৭,৬৪০ টাকা
ছবি: সংগৃহীত
ঈদের আগে দেশের বাজারে আরেক দফা সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনা বা পাকা সোনার দাম কমায় নতুন করে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
এর আগে সর্বশেষ গত ১৪ মার্চ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
আরও পড়ুন: আজ খোলা থাকছে ব্যাংকের যেসব শাখা
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ দফা দাম বেড়েছে এবং ১৮ দফা কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সে বছরে ৬৪ বার দাম বাড়ানো হয়, আর কমানো হয় ২৯ বার।
নিউজবাংলাদেশ.কম/এসবি








