দিনাজপুরে এবার কাঁঠালের বাম্পার ফলনের আশা
ফাইল ছবি
অনুকূল আবহাওয়া ও উপযোগী পরিবেশের কারণে দিনাজপুরে এবার কাঁঠালের ব্যাপক ফলনের আশা করছেন কৃষি সংশ্লিষ্টরা। জেলার ১৩টি উপজেলায় চলতি মৌসুমে ৮০ হাজার ৬৫০ টন কাঁঠাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
দিনাজপুর হর্টিকালচার বিভাগের উপ-পরিচালক মো. এজামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিনাজপুরের মাটি কাঁঠাল চাষের জন্য উপযোগী হওয়ায় জেলায় দিন দিন এর উৎপাদন বাড়ছে। চলতি বছর অনুকূল আবহাওয়ার কারণে সব উপজেলাতেই কাঁঠালের বাম্পার ফলন হয়েছে।
কৃষি বিভাগের মাঠকর্মীদের মাধ্যমে ইতোমধ্যে জেলার ১৩টি উপজেলার ১০৩টি ইউনিয়ন ও ৯টি পৌরসভা এলাকায় কাঁঠাল উৎপাদনের তথ্য সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে আম ও লিচুর কিছু ক্ষতি হলেও কাঁঠালের তেমন কোনো ক্ষতি হয়নি। মৌসুমের শেষ পর্যন্ত গাছের কাঁঠাল নিরাপদে সংগ্রহ করা গেলে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হতে পারে।
বিরামপুর উপজেলার ঘাটপাড় গ্রামের বাসিন্দা মো. আশেকুর রহমান এবং বেপারিটোলা গ্রামের লুৎফর রহমান জানান, তাদের এলাকায় প্রায় প্রতিটি বাড়িতেই কাঁঠাল গাছ রয়েছে। এ বছর গাছে প্রচুর কাঁঠাল ধরেছে। কয়েকদিনের মধ্যেই কাঁঠাল পাকতে শুরু করবে। নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত কাঁঠাল বাজারে বিক্রি করা যাবে বলেও জানান তারা।
নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের কাঁঠাল বাগান মালিক সাহেব আলী বলেন, তার বাগানেও এবার প্রচুর কাঁঠাল ধরেছে। আবহাওয়া অনুকূলে থাকলে অন্যান্য বছরের তুলনায় এবার আরও ভালো ফলনের আশা করছেন তিনি।
আরও পড়ুন: ধানপচা গন্ধে ভারী হাওরের বাতাস, দিশেহারা কৃষক
ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, উপজেলায় ৫৭৬ হেক্টর জমি ও বসতবাড়িতে কাঁঠাল গাছ রয়েছে। প্রায় প্রতিটি গাছেই ভালো ফলন দেখা যাচ্ছে। এ বছর উপজেলাটিতে প্রায় ৮ হাজার ৪৫০ টন কাঁঠাল উৎপাদনের আশা করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








