স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪০, ৪ মে ২০২৬

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

কথা বলছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। ছবি: সংগৃহীত

হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসব্যাপী আর্থিক সহায়তা দেবে সরকার। এতে ক্ষতিগ্রস্তরা ন্যূনতম সাড়ে সাত হাজার টাকা পাবেন, তবে ক্ষতির পরিমাণ অনুযায়ী এ সহায়তা আরও বাড়ানো হতে পারে।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ।

মন্ত্রী জানান, কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তহবিল থেকে এই সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, কৃষকদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা পুরোপুরি পুষিয়ে দেওয়া সম্ভব না হলেও অন্তত তাদের সংকট কিছুটা লাঘব করাই সরকারের লক্ষ্য।

মন্ত্রী আরও জানান, মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে তালিকা প্রস্তুত করছেন এবং সহায়তা কার্যক্রম তিন মাস পর্যন্ত চলবে।

এসময় কোরবানির পশু নিয়ে তিনি বলেন, দেশে কোরবানিযোগ্য পশুর কোনো সংকট নেই। এজন্য সীমান্ত হাট বন্ধ রাখা হয়েছে এবং বিদেশ থেকে গরু আমদানি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

আরও পড়ুন: অকাল বন্যায় হাওরে ফসলের ব্যাপক বিপর্যয়, বিপাকে সোয়া লাখ কৃষক

এছাড়া আলুর কম দামের প্রসঙ্গে তিনি বলেন, আলুর বহুমুখী ব্যবহার বাড়াতে এবং রপ্তানিযোগ্য জাত উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ফ্রেঞ্চ ফ্রাই ও চিপস তৈরির উপযোগী আলুর চাষ শুরু হয়েছে, যা ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনা তৈরি করবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়