দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১১
ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার একটি গাড়ির যন্ত্রাংশ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন এবং কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।
শনিবার (২১ মার্চ) নিখোঁজদের খোঁজে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপে তল্লাশি চালান উদ্ধারকর্মীরা। দেশটির মধ্যাঞ্চলীয় শহর ডেজন-এ অবস্থিত কারখানাটিতে আগুন লাগার পর ধসের ঝুঁকির কারণে শুরুতে ভেতরে প্রবেশ করতে পারেনি দমকল বাহিনী।
সংবাদ সংস্থা এএফপি জানায়, আগুন লাগার সময় কারখানায় প্রায় ১৭০ জন কর্মী উপস্থিত ছিলেন। দেশটির ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, ঘটনাস্থলে মজুত থাকা সোডিয়ামের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নিকাণ্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানান, এ ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন এবং আরও ৩৪ জন সামান্য আহত হয়েছেন। এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এক প্রত্যক্ষদর্শী বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
ইয়োনহাপের প্রকাশিত ছবিতে দেখা গেছে, দমকল কর্মীরা ক্রেন ব্যবহার করে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আকাশজুড়ে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। শনিবার বিকেলের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং উদ্ধার অভিযানে সর্বোচ্চ জনবল ও সরঞ্জাম ব্যবহারের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
আরও পড়ুন: যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ায় কর্মস্থলে দুর্ঘটনায় ১০ হাজারের বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালে রাজধানী সিউল-এর দক্ষিণে হোয়াসং এলাকার একটি লিথিয়াম ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন চীনা নাগরিক।
নিউজবাংলাদেশ.কম/এসবি








