News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২৩:১৭, ২০ মার্চ ২০২৬

শনিবার ঈদ: উৎসবের আমেজে প্রস্তুত দেশ

শনিবার ঈদ: উৎসবের আমেজে প্রস্তুত দেশ

ছবি: সংগৃহীত

দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল শনিবার (২১ মার্চ)। শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার কোথাও দেখা না যাওয়ায় ৩০ রোজা পূর্ণ করে এদিন ঈদ পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। 

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত বৈঠকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

ঈদকে ঘিরে রাজধানী ঢাকা এবং সারা দেশে জামাত আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে পাঁচটি জামাত আয়োজন করা হয়েছে।

রাজধানীতে ঈদ জামাতের জন্য পৃথক ব্যবস্থাপনা নিশ্চিত করেছে দুই সিটি করপোরেশন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে নারীদের জন্য পৃথক স্থান নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আগারগাঁওয়ের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ঈদের দিন দেশজুড়ে বৃষ্টির শঙ্কা, কোথাও হতে পারে বজ্রসহ বর্ষণ

ঈদ জামাতকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদগাহ ও আশপাশের এলাকায় সিসিটিভি মনিটরিং, ব্যারিকেড, আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে নির্বিঘ্নে মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন।

এছাড়া জাতীয় সংসদ ভবন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে সকাল ১০টায়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা আয়োজন গ্রহণ করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন বিনোদনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়