সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে এক শুভেচ্ছা বার্তায় তিনি নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনসহ সমগ্র দেশের জনগণের প্রতি এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আমাদের শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা দেয়। আমি আশাবাদ ব্যক্ত করি যে, ঈদের এই আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনবে।
আরও পড়ুন: সম্প্রীতির বার্তা নিয়ে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা
একটি বৈষম্যহীন ও উন্নত রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, সাম্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের এবারের ঈদের প্রধান অঙ্গীকার। তিনি দেশের বর্তমান প্রেক্ষাপটে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
বিবৃতির শেষাংশে মন্ত্রী দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। সবাই যেন উৎসবমুখর, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করতে পারে এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি দেশবাসীর প্রতি নিরন্তর শুভকামনা জানান।
নিউজবাংলাদেশ.কম/পলি








