হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, বৈশ্বিক ইন্টারনেটেও প্রভাবের শঙ্কা
ছবি: সংগৃহীত
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে অস্থিরতা বাড়ায় বৈশ্বিক ইন্টারনেট সংযোগেও প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ অঞ্চল দিয়ে যাওয়া সাবমেরিন কেবলগুলো এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে ডেটা আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাম্প্রতিক বিশ্লেষণে টেলিজিওগ্রাফি হরমুজকে কেবল তেল ও জাহাজ চলাচলের পথ নয়, বরং ডেটা প্রবাহেরও একটি গুরুত্বপূর্ণ করিডর হিসেবে উল্লেখ করেছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। একদিকে ইরান, অন্যদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মাঝখানে অবস্থিত এই সরু জলপথ দীর্ঘদিন ধরেই জ্বালানি পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক তেল ও এলএনজি পরিবহনের একটি বড় অংশ এই পথ দিয়ে যায়।
প্রণালিটির সবচেয়ে সরু অংশ প্রায় ৩৩ কিলোমিটার চওড়া। বড় জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট সংকীর্ণ লেন ব্যবহার করতে হয়। চলমান উত্তেজনার জেরে এই পথকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পদক্ষেপ ও সামরিক হুমকির কারণে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, বিমা ব্যয় বেড়েছে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে তেলের দাম ১০০ ডলারের ওপরে ওঠার কথাও বলা হয়েছে।
তবে শুধু জ্বালানি নয়, প্রযুক্তি বিশ্লেষকদের দৃষ্টিতে হরমুজ এখন একটি সম্ভাব্য ‘ডিজিটাল চোকপয়েন্ট’। কারণ, এ অঞ্চল দিয়ে ফ্যালকন, সি-মি-উই-৪, আই-মি-উই এবং ইউরোপ-পার্সিয়া এক্সপ্রেস গেটওয়ের মতো গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল গেছে। এগুলোর মাধ্যমে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে ইন্টারনেট ডেটা আদান–প্রদান হয়। টেলিজিওগ্রাফির তথ্যে এ কেবল নেটওয়ার্ককে অঞ্চলের ডিজিটাল অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।
এ কারণে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও বিকল্প রুট তৈরির দিকে নজর দিচ্ছে। একটি পথ ক্ষতিগ্রস্ত হলে অন্য পথ দিয়ে সংযোগ সচল রাখতে নতুন সাবমেরিন কেবল ও বিকল্প অবকাঠামোয় বিনিয়োগ বাড়ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে শুধু ইন্টারনেট নয়, ডেটা সেন্টার, ক্লাউড সেবা ও আন্তর্জাতিক ডিজিটাল ব্যবসাতেও প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন: ব্রাউজার থেকেই ওয়েবসাইট তৈরির নতুন টুল আনল ওয়ার্ডপ্রেস
বাংলাদেশের ক্ষেত্রে টেলিযোগাযোগ সংশ্লিষ্টরা বলছেন, দেশের প্রধান আন্তর্জাতিক ডেটা ট্রাফিক সরাসরি হরমুজ হয়ে যায় না; বরং লোহিত সাগর ও এডেন উপসাগরমুখী রুটই বেশি গুরুত্বপূর্ণ। ফলে তাৎক্ষণিক সরাসরি প্রভাব সীমিত হতে পারে। তবে বৈশ্বিক নেটওয়ার্কে বড় ধরনের বিঘ্ন ঘটলে পরোক্ষ প্রভাব এ দেশেও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








