News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪৪, ১৯ মার্চ ২০২৬

৬ ঘণ্টায় দুই দফা কমলো সোনার দাম

৬ ঘণ্টায় দুই দফা কমলো সোনার দাম

ফাইল ছবি

দেশের স্বর্ণবাজারে একই দিনে দুই দফায় বড় ধরনের মূল্যহ্রাসের নজির তৈরি হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে কাঁচাসোনার (তেজাবি স্বর্ণ) মূল্য দ্রুত হ্রাস পাওয়ায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার (১৯ মার্চ) দুই দফায় কমানো হয়েছে মূল্যবান এই ধাতুর দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। 

এদিন বিকেল ৩টা ৪৫ মিনিট থেকেই এই নতুন মূল্য কার্যকর হয়েছে।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এর আগে একই দিন সকালে প্রথম দফায় ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়েছিল, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়। ফলে এক দিনের ব্যবধানে ভালো মানের সোনার দাম মোট ১৫ হাজার টাকার বেশি কমেছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারেও সোনার দামে নিম্নমুখী প্রবণতা থাকায় দেশীয় বাজারে এর প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুন: ঈদের আগে সোনার দাম কমল, ভরিতে কমেছে ৭,৬৪০ টাকা

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের ক্ষেত্রে ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে রুপার বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৪৫ বার সমন্বয় করা হয়েছে এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৯ বার কমেছে। একই সময়ে রুপার দাম ২৯ বার সমন্বয় করা হয়েছে, যেখানে ১৬ বার বৃদ্ধি এবং ১৩ বার হ্রাস করা হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম দ্রুত ওঠানামা করায় দেশীয় বাজারেও ঘন ঘন মূল্য সমন্বয়ের প্রবণতা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় তার সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে দেশের বাজারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়