অতিরিক্ত ব্যাটারি খরচ করা অ্যাপে সতর্কবার্তা দেখাবে গুগল
ফাইল ছবি
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কোন কোন অ্যাপ স্বাভাবিকের তুলনায় বেশি ব্যাটারি ব্যবহার করে, তা ব্যবহারকারীদের জানাতে নতুন উদ্যোগ নিয়েছে গুগল। নতুন এ উদ্যোগের আওতায় কোনো অ্যাপ অস্বাভাবিকভাবে বেশি ব্যাটারি খরচ করলে প্লে স্টোরে সেই অ্যাপের পাশে সতর্কতামূলক লেবেল দেখাবে গুগল।
গুগল জানিয়েছে, কোনো অ্যাপ প্রত্যাশার তুলনায় বেশি ব্যাটারি ব্যবহার করলে অ্যাপটির বিবরণে একটি সতর্কবার্তা যুক্ত করা হবে। সেখানে উল্লেখ থাকবে, অ্যাপটি স্বাভাবিকের তুলনায় বেশি ব্যাটারি ব্যবহার করতে পারে। বর্তমানে এ সুবিধার কার্যকারিতা যাচাই করা হচ্ছে এবং ধাপে ধাপে এটি চালু করা হবে।
অতিরিক্ত ব্যাটারি ব্যবহারকারী অ্যাপ শনাক্ত করতে অ্যাপের ব্যাকগ্রাউন্ড কার্যক্রমের মাত্রা এবং ‘ওয়েক লক’ ব্যবহারের পরিমাণ বিবেচনা করা হবে। ‘ওয়েক লক’ এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে কোনো অ্যাপ স্মার্টফোনের পটভূমি বা ব্যাকগ্রাউন্ডে দীর্ঘ সময় সক্রিয় থাকতে পারে। কোনো অ্যাপ নির্ধারিত সীমার বেশি সময় সক্রিয় থাকলে বা অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড কার্যক্রম চালালে সেটিকে বেশি ব্যাটারি ব্যবহারকারী হিসেবে ধরা হবে।
এ ধরনের পরিস্থিতিতে গুগল প্রথমে সংশ্লিষ্ট অ্যাপ নির্মাতাকে বিষয়টি জানাবে এবং সমস্যা সমাধানের জন্য সময় দেবে। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে প্লে স্টোরে সতর্কতামূলক লেবেল যুক্ত করা হবে। পাশাপাশি জনপ্রিয় অ্যাপের তালিকায় অ্যাপটির অবস্থানও নিচের দিকে দেখানো হতে পারে।
তবে সব অ্যাপের ক্ষেত্রে বেশি ব্যাটারি ব্যবহারকে সমস্যা হিসেবে ধরা হবে না। কারণ, কিছু অ্যাপের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য তুলনামূলক বেশি ব্যাকগ্রাউন্ড কার্যক্রম দরকার হয়। যেমন, ফুড ডেলিভারি বা রাইড শেয়ারিং সেবার অ্যাপগুলোতে ডেলিভারি বা গাড়ির অবস্থান তাৎক্ষণিকভাবে জানাতে নিয়মিত তথ্য হালনাগাদ করতে হয়। এ ধরনের অ্যাপের ক্ষেত্রে ব্যাটারি ব্যবহারের বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করা হবে।
আরও পড়ুন: বিজ্ঞাপনদাতাদের থেকে অতিরিক্ত ফি নেবে মেটা
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়া দীর্ঘদিনের একটি সাধারণ সমস্যা। নতুন এই সতর্কতামূলক লেবেল চালু হলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন, কোন অ্যাপ তাদের ফোনের ব্যাটারি বেশি খরচ করছে। ফলে প্রয়োজনে তারা সেই অ্যাপ ব্যবহারে সতর্ক হতে পারবেন বা বিকল্প অ্যাপ ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারবেন। সূত্র: নিউজ১৮
নিউজবাংলাদেশ.কম/এসবি








