News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৫, ১৪ মার্চ ২০২৬

জার্মানিতে ৫০ হাজার কর্মী ছাঁটাই করবে ফক্সওয়াগেন

জার্মানিতে ৫০ হাজার কর্মী ছাঁটাই করবে ফক্সওয়াগেন

ছবি: সংগৃহীত

জার্মান অটোমোবাইল জায়ান্ট ফক্সওয়াগেন তাদের খরচ কমাতে এবং মুনাফার ধস ঠেকাতে ২০৩০ সালের মধ্যে জার্মানিতে প্রায় ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছে।

সম্প্রতি প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অলিভার ব্লুম শেয়ারহোল্ডারদের এ সিদ্ধান্তের কথা জানান।

প্রতিষ্ঠানটি মূলত ২০১৬ সালের পর সবচেয়ে বড় ব্যবসায়িক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। গত এক বছরে তাদের কর-পরবর্তী মুনাফা প্রায় ৪৪ শতাংশ কমেছে। অলিভার ব্লুমের মতে, বর্তমান বিশ্ববাজারের পরিস্থিতি পূর্বের তুলনায় সম্পূর্ণ বদলে গেছে এবং অডি ও পোরশের মতো ব্র্যান্ডগুলোও এই ছাঁটাই প্রক্রিয়ার আওতায় রয়েছে।

ফক্সওয়াগেনের বিশাল লোকসানের পেছনে বেশ কিছু কারণ দায়ী। যুক্তরাষ্ট্রে আমদানি শুল্ক বৃদ্ধি, চীনের বাজারে আধিপত্য কমা এবং চীনা ব্র্যান্ডের সঙ্গে তীব্র প্রতিযোগিতা প্রতিষ্ঠানটিকে চাপের মধ্যে ফেলেছে। এছাড়া ইলেকট্রিক গাড়ির বাজারে খাপ খাইয়ে নিতে গিয়ে বিশাল পুনর্গঠন ব্যয়ও মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলেছে। এর আগে ইউনিয়নের সঙ্গে আলোচনার ভিত্তিতে ৩৫ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা থাকলেও এখন সেই সংখ্যা ৫০ হাজারে উন্নীত করা হয়েছে।

অর্থ বিষয়ক প্রধান আর্নো আন্টলিটজ জানিয়েছেন, বর্তমান মুনাফার হার দীর্ঘমেয়াদে ব্যবসা টিকিয়ে রাখার জন্য পর্যাপ্ত নয়। যদিও প্রতিষ্ঠানটি আগামী বছরে কিছুটা ঘুরে দাঁড়ানোর আশা করছে, তবে লক্ষ্য অর্জনের জন্য কঠোর ব্যয় সংকোচনের বিকল্প নেই।

আরও পড়ুন: শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিয়ম আনছে যুক্তরাজ্য

ইউরোপের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগেনের এ সিদ্ধান্ত বিশ্বজুড়ে গাড়ি বাজারের অস্থিরতা এবং বড় প্রতিষ্ঠানগুলোর টিকে থাকার লড়াইকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়