News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৩, ১৩ মার্চ ২০২৬

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিয়ম আনছে যুক্তরাজ্য

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিয়ম আনছে যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থাগুলো বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিরাপদ রাখতে আরও কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। দেশটির গণমাধ্যম ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম এবং তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ ইনফরমেশন কমিশনারস অফিস

বৃহস্পতিবার (১২ মার্চ) জানিয়েছে, অনেক প্ল্যাটফর্ম কার্যকরভাবে নির্ধারিত ন্যূনতম বয়সসীমা প্রয়োগ করতে ব্যর্থ হচ্ছে।

নিয়ন্ত্রকরা বলেছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বয়স যাচাই আরও শক্তিশালী করতে হবে এবং ক্ষতিকর বা আসক্তিমূলক কনটেন্টের ঝুঁকি কমাতে হবে। এই উদ্যোগ যুক্তরাজ্যের নতুন অনলাইন সেফটি অ্যাক্ট বাস্তবায়নের অংশ। আইন অনুযায়ী, প্রযুক্তি কোম্পানিগুলোকে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিতে হবে।

অফকম এবং তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ মেটার (ফেসবুক ও ইনস্টাগ্রাম), টিকটক, স্ন্যাপচ্যাট, রোবলক্স এবং ইউটিউবকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে জানাতে বলেছে, তারা কীভাবে বয়স যাচাই আরও কঠোর করবে। এছাড়া শিশুদের সঙ্গে অপরিচিত ব্যক্তির যোগাযোগ সীমিত করা, নিউজফিড নিরাপদ করা এবং অপ্রাপ্তবয়স্কদের ওপর নতুন পণ্যের পরীক্ষা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অফকমের প্রধান নির্বাহী জানিয়েছেন, “অনলাইন সেবাগুলো প্রায় প্রতিটি পরিবারের কাছে পরিচিত, কিন্তু অনেক ক্ষেত্রে শিশুদের নিরাপত্তাকে পণ্যের মূল কেন্দ্রে রাখা হচ্ছে না। এই পরিস্থিতি দ্রুত বদলাতে হবে, না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের প্রধান পল আর্নোল্ড বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কার্যকর বয়স যাচাই করা সম্ভব, তাই কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলেছে, তারা ইতিমধ্যে বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা চালু করেছে। মেটার জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বয়স শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার হচ্ছে এবং কিশোর ব্যবহারকারীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ইউটিউবও ব্যবহারকারীদের বয়স অনুযায়ী ভিন্ন অভিজ্ঞতা প্রদানের ব্যবস্থা করছে।

আরও পড়ুন: মেসেঞ্জারে আরও উন্নত স্ক্যাম প্রোটেকশন চালু করলো মেটা

নিয়ম ভঙ্গ করলে অফকম কোম্পানিগুলোর বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করতে পারে, আর তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ সর্বোচ্চ ৪ শতাংশ পর্যন্ত জরিমানা করতে পারবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়