৩০ হাজার সার্ভারে চলছে ফেসবুক
ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কার্যক্রম পরিচালনায় বর্তমানে প্রায় ৩০ হাজার সার্ভার ব্যবহার করা হচ্ছে। ব্যবহারকারীদের আপলোড করা প্রায় ৮০ বিলিয়ন ছবি সংরক্ষণ করছে প্রতিষ্ঠানটি। প্রতি সেকেন্ডে ৬ লাখের বেশি ছবি প্রদর্শন করা হয় প্ল্যাটফর্মটিতে।
২০০৮ সালের এপ্রিল পর্যন্ত ফেসবুকের সার্ভার সংখ্যা নিয়ে প্রচলিত তথ্য ছিল- “১০ হাজারের বেশি”। পরবর্তী সময়ে ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটির ঘর ছাড়ালেও দীর্ঘদিন একই পরিসংখ্যান ব্যবহার করা হচ্ছিল। সম্প্রতি এ বিষয়ে হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে।
ফেসবুকের প্রযুক্তি বিভাগের সহসভাপতি জেফ রথসচাইল্ড গত সপ্তাহে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-তে এক অনুষ্ঠানে জানান, “বর্তমানে আমাদের সার্ভারের সংখ্যা আনুমানিক ৩০ হাজারের কাছাকাছি। প্রতিদিনই নতুন সক্ষমতা যুক্ত হচ্ছে। তাই সংখ্যাটি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে।”
এই তথ্য থেকে জানা যায়, ২০০৮ সালের শুরু থেকে প্রায় ২০ হাজার নতুন সার্ভার যুক্ত করেছে ফেসবুক। সে সময় সার্ভার কেনার অর্থ জোগাতে কোম্পানিটি ১০ কোটি ডলার ঋণও নিয়েছিল।
ছবি সংরক্ষণ ও প্রচার দুই ক্ষেত্রেই বিশাল পরিসরে কাজ করছে ফেসবুক। বর্তমানে তাদের সার্ভারে প্রতিটি ছবির চারটি ভিন্ন মাপসহ মোট প্রায় ৮০ বিলিয়ন ছবি সংরক্ষিত রয়েছে।
এ ছাড়া ফেসবুকের দৈনিক কার্যক্রম থেকে যে বিপুল পরিমাণ তথ্য তৈরি হয়, সেটিও বিস্ময়কর। প্রতিদিন ২৫ টেরাবাইটের বেশি ডেটা যুক্ত হচ্ছে প্ল্যাটফর্মটিতে। রথসচাইল্ডের ভাষায়, এই পরিমাণ যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের দৈনিক ডাক পরিবহনের তুলনায় প্রায় এক হাজার গুণ বেশি।
আরও পড়ুন: কর্মমূল্যায়নে এআই ব্যবহার যুক্ত করল গুগল
তিনি আরও জানান, ঐতিহাসিকভাবে ফেসবুকে প্রতি ১০ লাখ সক্রিয় ব্যবহারকারীর বিপরীতে একজন প্রকৌশলী কাজ করেছেন। তার মতে, ফেসবুকের প্রকৌশলীরাই কোম্পানির অগ্রযাত্রায় সবচেয়ে বড় ভূমিকা রাখছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








