স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪১, ২২ জুন ২০২৬
আপডেট: ০৮:৪২, ২২ জুন ২০২৬

উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে প্রথমবার অংশ নিতে এসে চমক দেখিয়েই চলেছে কেপ ভার্দে। স্পেনের পর এবার ফুটবল পরাশক্তি উরুগুয়েকেও রুখে দিয়েছে আফ্রিকার দেশটি। গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যায় কেপ ভার্দে। ২১ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে কেভিন পিনার নেওয়া দুর্দান্ত ফ্রি-কিকে জালে বল জড়ায়। এটি ছিল বিশ্বকাপ ইতিহাসে কেপ ভার্দের প্রথম গোল।

তবে প্রথমার্ধের শেষ দিকে ঘুরে দাঁড়ায় উরুগুয়ে। ৪৪ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহো সমতা ফেরান। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৫ মিনিট) আগুস্তিন কানোপিও গোল করে উরুগুয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উরুগুয়ে। তবে কেপ ভার্দের সংগঠিত রক্ষণভাগ তাদের আর গোলের সুযোগ দেয়নি। উল্টো ৬১ মিনিটে হেলিও ভারেলা গোল করে সমতা ফেরান। এরপর আর কোনো দলই জয়ের গোল খুঁজে না পাওয়ায় ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়।

প্রথম ম্যাচে স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়া কেপ ভার্দে এবার উরুগুয়ের বিপক্ষেও গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নিল। ফলে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখল দলটি।

আরও পড়ুন: সমান পয়েন্টে বিশ্বকাপের নকআউট ভাগ্য নির্ধারণ করবে যে নিয়ম

দুই ম্যাচ শেষে উরুগুয়ে ও কেপ ভার্দে উভয়েরই সংগ্রহ ২ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থাকায় উরুগুয়ে রয়েছে দ্বিতীয় স্থানে, আর কেপ ভার্দে তৃতীয়। চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন। এক পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান করছে সৌদি আরব।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়