৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়
ছবি: সংগৃহীত
ওয়ানডে ক্রিকেটে ৪৩০ রানের লক্ষ্য। এমন বিশাল সংগ্রহ তাড়া করে জয় পাওয়া কঠিনই নয়, প্রায় অসম্ভব বলে মনে হতে পারে। তবে সেই অসম্ভবকেই সম্ভব করেছে শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজের রেকর্ডগড়া ম্যাচে ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে লঙ্কানরা। ম্যাচে দুই দল মিলে রান করেছে ৮৫৯।
এই জয়ের মধ্য দিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের তালিকায় তাদের অবস্থান এখন দ্বিতীয়। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৫ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
৪৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। মাত্র ২৪ রানেই ফিরে যান দুই টপঅর্ডার ব্যাটার। কামিন্দু মেন্ডিস ১৬ বলে ১৮ রান করে আউট হন। কোনো বল না খেলেই রানআউট হয়ে সাজঘরে ফেরেন দলনেতা কুশল মেন্ডিস।
শুরুর ধাক্কা সামাল দেন আভিস্কা ফার্নান্দো ও পবন রত্নায়েকে। দুজনের ব্যাটে গড়ে ওঠে ১৬৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তিন রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয় আভিস্কাকে। ৮৩ বলে ৯৭ রান করেন এই ব্যাটার।
এরপর পবন রত্নায়েক ও দাসুন শানাকার ব্যাটে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শ্রীলঙ্কা। দুজন মিলে মাত্র ৭৯ বলে যোগ করেন ১৩৩ রান। সেঞ্চুরি তুলে নেওয়ার পর ১০৬ বলে ১৩০ রান করে আউট হন রত্নায়েক। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার ও তিনটি ছক্কা।
অন্যদিকে, ইংলিশ বোলারদের ওপর তাণ্ডব চালান শানাকা। মাত্র ৫০ বলে ৯৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার ও আটটি ছক্কা। তবে এই দুই ব্যাটারের কেউই দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি।
শেষ দিকে শায়ান আচার্যেকে সঙ্গে নিয়ে জয়ের দিকে এগিয়ে যায় শ্রীলঙ্কা। তবে শেষ ওভারে রোমাঞ্চ জমিয়ে তোলেন ইংলিশ পেসার জশ টাং। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আশা জাগান তিনি।
একপর্যায়ে শেষ দুই বলে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৬ রান। তখনই ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন জানিথ লিয়াঙ্গে। মাত্র ২৭ বলে ৬০ রানে অপরাজিত থেকে অবিশ্বাস্য জয়ের নায়ক বনে যান তিনি।
এর আগে টসের পর ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে আসে ৭৪ রান। টম ব্যান্টন ৫০ রান করে আউট হন। অন্য ওপেনারও ২৯ রান করে ফিরে যান। এরপর জো রুটের ব্যাটে এগিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ৬৬ বলে ৬৯ রান করেন এই ডানহাতি ব্যাটার।
তবে ইনিংসের সবচেয়ে বড় ঝড়টি তোলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক ও উইল জ্যাকস। মাত্র ৭৭ বলে দুজন মিলে গড়েন ১৮৫ রানের জুটি। ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়ে মাত্র ১১৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ব্রুক, যা বিশ্বরেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: আফগানিস্তানের কাছে হেরে শূন্য হাতে ফিরল বাংলাদেশ
শেষ বলে আউট হওয়ার আগে ১১৬ বলে ২০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইংলিশ অধিনায়ক। অন্যদিকে, মাত্র ৩০ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন জ্যাকস।
ব্রুকের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরি ও ইংল্যান্ডের বিশাল সংগ্রহও শেষ পর্যন্ত কাজে আসেনি। লঙ্কান ব্যাটারদের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ৪৩০ রানের লক্ষ্য পেরিয়ে দুই উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








