নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০১, ১৫ জুন ২০২৬

নিবন্ধনহীন মোটরসাইকেল বৈধ করার সুযোগ জানাল সরকার

নিবন্ধনহীন মোটরসাইকেল বৈধ করার সুযোগ জানাল সরকার

ফাইল ছবি

দেশে সড়ক ও মহাসড়কে চলাচলকারী নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা বর্তমানে প্রায় ৫০ লাখের কোটায় পৌঁছেছে। 

সোমবার (১৫ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের সপ্তম দিনে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য জানিয়েছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল তিনটায় এই অধিবেশন শুরু হয়।

সংসদ অধিবেশনে বিআরটিএ ইনফরমেশন সিস্টেমের বরাত দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, বর্তমানে সারাদেশে বিআরটিএ’র ডাটাবেজে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী তার প্রশ্নে দেশে বৈধ মোটরসাইকেলের সুনির্দিষ্ট পরিসংখ্যানের পাশাপাশি বর্তমানে রাস্তায় চলাচলকারী অবৈধ বা নিবন্ধনহীন মোটরসাইকেলগুলো বৈধ করার কোনো সুযোগ বা প্রক্রিয়া আছে কি না, সে বিষয়ে জানতে চেয়েছিলেন।

উত্তরে মন্ত্রী শেখ রবিউল আলম জানান, অনিবন্ধিত বা অবৈধ মোটরসাইকেল নিয়ন্ত্রণে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সড়ক ও মহাসড়কে এ ধরনের যানবাহন চলাচল বন্ধে বিআরটিএ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। তবে মানবিক ও যৌক্তিক দিক বিবেচনায় অনিবন্ধিত মোটরসাইকেল মালিকদের জন্য একটি সুযোগের কথা উল্লেখ করেন তিনি। 

আরও পড়ুন: রাজধানীর যানজট নিরসনে টার্মিনাল স্থানান্তর ও নতুন ট্রাফিক পরিকল্পনা

মন্ত্রী স্পষ্টভাবে জানান, যেসব মোটরসাইকেল এখন পর্যন্ত বিআরটিএ-এর নিবন্ধন পায়নি, সেসব মোটরসাইকেলের মালিকরা যদি প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ প্রক্রিয়ায় আবেদন দাখিল করেন, তবে বিআরটিএ কর্তৃপক্ষ যাচাই-বাছাই সাপেক্ষে সেগুলোকে বৈধতা প্রদান তথা রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মূলত, রাস্তায় অনিবন্ধিত যানবাহনের আধিক্য কমিয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার এই প্রক্রিয়াটি উন্মুক্ত রেখেছে। 

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে যারা বিভিন্ন কারণে এতদিন মোটরসাইকেল নিবন্ধন করতে পারেননি, তারা এখন আইনি প্রক্রিয়ায় তাদের বাহন বৈধ করার সুযোগ পাবেন, যা দেশের সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলায় ইতিবাচক প্রভাব ফেলবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়