News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫০, ১৩ মার্চ ২০২৬

দুই দফায় হত্যাচেষ্টা থেকে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি

দুই দফায় হত্যাচেষ্টা থেকে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি

ছবি: সংগৃহীত

ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখন পর্যন্ত দুই দফায় ভয়াবহ জীবননাশী হামলা থেকে বেঁচে ফিরেছেন বলে দাবি করেছেন দেশটির এক প্রভাবশালী সংসদ সদস্য। 

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাত দিয়ে জাহরমের সংসদ সদস্য মোহাম্মদ রেজা রেজাই কোচি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। 

সম্প্রতি তেহরানে এক রক্তক্ষয়ী হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে মোজতবা খামেনির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই এই চাঞ্চল্যকর দাবি সামনে এলো।

মোহাম্মদ রেজা রেজাই কোচি জানান, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার সময় মোজতবা খামেনি তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনেই অবস্থান করছিলেন। ওই হামলায় দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হলেও অলৌকিকভাবে বেঁচে যান মোজতবা। 

তবে এখানেই শেষ নয়; সংসদ সদস্যের দাবি অনুযায়ী, পরবর্তীতে মোজতবা খামেনি যে হাসপাতালে চিকিৎসাধীন বা আশ্রিত ছিলেন, সেখানেও দ্বিতীয় দফায় বড় ধরনের হামলা চালানো হয়। যদিও নিরাপত্তার খাতিরে সেই হাসপাতালের নাম বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে ইরানের হামলা

কোচি স্পষ্ট জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাকে হত্যার চূড়ান্ত চেষ্টা করেও শেষ পর্যন্ত সফল হতে পারেনি।

পিতার মৃত্যুর পর উদ্ভূত পরিস্থিতিতে গত রবিবার ইরানের নীতি-নির্ধারণী পর্ষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর সর্বসম্মতিক্রমে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। 

দায়িত্ব গ্রহণের পর গত বৃহস্পতিবার (১২ মার্চ) প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। 

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই ভাষণে তিনি জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পাশাপাশি তার পিতার হত্যাকাণ্ডের জন্য দায়ী পক্ষগুলোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রথম ভাষণেই অত্যন্ত কঠোর অবস্থান জানান দিয়েছেন মোজতবা খামেনি ঘোষণা করেন যে, শত্রু রাষ্ট্রগুলোকে চাপে রাখতে এবং জাতীয় স্বার্থ রক্ষায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দেওয়া হবে। 

এছাড়া মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলো অবিলম্বে সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় এসব ঘাঁটিতে ইরানের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন হামলা অব্যাহত থাকবে। 

বিশ্লেষকরা মনে করছেন, মোজতবা খামেনির এই যুদ্ধংদেহী মনোভাব এবং দুই দফা হামলা থেকে বেঁচে ফেরার খবর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়