জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৪, ৭ আগস্ট ২০২৬

শেরপুরে মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

শেরপুরে মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

শেরপুরের নকলা উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে পড়ে মুজাহিদুল ইসলাম (১৭ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজাহিদুল ইসলাম স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন দম্পতির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধনাকুশা বাজার এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মায়ের কোলে থাকা শিশুটি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নাহিদ হাসান (১৫) ও জাহানারা বেগম (৫৫) গুরুতর আহত হন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া নিহত শিশুর বাবা মনিরুল ইসলাম, মা নিলুফা ইয়াসমিন এবং ফুরকান হামিদ আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন: বগুড়ায় বাসের চাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, দুর্ঘটনায় জড়িত সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়