News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১১, ১৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:১১, ১৩ এপ্রিল ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও বড় লাফ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও বড় লাফ

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর হরমুজ প্রণালিতে নৌ অবরোধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে ১০২ ডলারে পৌঁছেছে। একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৮ শতাংশ বেড়ে ১০৪ ডলারে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে বিশ্ব শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে।

গত সপ্তাহে ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপের হুমকি প্রত্যাহার করে যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে রাজি হওয়ায় তেলের দাম কিছুটা কমেছিল। তবে স্থায়ী যুদ্ধবিরতি না হওয়ায় এবং নতুন করে উত্তেজনা বাড়ায় বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে।

অন্যদিকে, এই পরিস্থিতিতে আর্থিকভাবে লাভবান হচ্ছে ইরান। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য প্রতি জাহাজ থেকে প্রায় ২০ লাখ ডলার পর্যন্ত টোল আদায় করছে দেশটি। গত মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে ১৮ লাখ ৫০ হাজার ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান, যা আগের তিন মাসের তুলনায় বেশি।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালিতে প্রবেশকারী যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে ‘কঠোর ও চূড়ান্ত’ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ছেঁড়া-ফাটা নোট নিয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে এই নৌ অবরোধ কার্যকর হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও ঘনীভূত হলে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বাড়তে পারে। বর্তমানে দেশটিতে প্রতি গ্যালন ফুয়েলের গড় মূল্য ৪.১২ ডলার, যা যুদ্ধ শুরুর পর থেকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়