ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২৯
ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গেছে। পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত দুইজন নিহত ও অন্তত ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টেকেরহাট থেকে ভাঙ্গাগামী বাঙ্গিভর্তি একটি পিকআপ ভ্যানের সঙ্গে ফরিদপুর থেকে বরিশালগামী শাহফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এবং পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন পিকআপে থাকা দুই বাঙ্গি ব্যবসায়ী মো. জাহাঙ্গীর মোল্লা (৩২) ও আলমগীর শেখ (৫০)। তারা দুজনই ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: গুলশানে ৫০ লাখ টাকার জাল নোটসহ তিনজন গ্রেফতার
ভাঙ্গা হাইওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








