স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৩, ২৩ মার্চ ২০২১
আপডেট: ১৮:৪১, ২৩ মার্চ ২০২১

৯ মাস পর আবারও শনাক্ত সাড়ে ৩ হাজার ছাড়ালো, মৃত্যু ১৮

৯ মাস পর আবারও শনাক্ত সাড়ে ৩ হাজার ছাড়ালো, মৃত্যু ১৮

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৫৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৩৮ জনে।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত বছরের জুলাই মাসের মাঝামাঝিতে সর্বশেষ এই সংখ্যক করোনা রোগী একদিনে শনাক্ত হয়েছিলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৮টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এক্সপার্ট ল্যাব এবং ৭২টি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবসহ মোট ২১৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৬ হাজার ৩৫৭টি। ২৪ ঘন্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ৯৫৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৬০ হাজার ১৮৪টি।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন।
২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে পুরষ ১২ জন ও নারী ৬ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ হাজার ৬০৭ জন এবং নারী ২ হাজার ১৩১ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

মৃত ১৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে ৩ এবং রংপুর বিভাগে ১ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ১৭ জন ও বাড়িতে ১ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৫৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১ লাখ ২ হাজার ৫৭৭ জন, আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯২ হাজার ৩৫১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ২২৬ জন।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়