নিউজিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডে তামিমদের আত্মসমর্পণ
শনিবার স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে অসহায় আত্মসমর্পণ করেছে সফরকারী বাংলাদেশ। ডানেডিনে কিউইদের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ব্যাটে-বলে ব্যর্থ টাইগাররা হেরেছে বড় ব্যবধানে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪১.৫ ওভারে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় তামিমরা। জবাবে রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ১৭২ বল হাতে রেখে ১৩২ রান করে ব্ল্যাক ক্যাপরা।
লড়াকু পুঁজি না পাওয়ায় কিউই ব্যাটসম্যানদের আটকানো কঠিন হয়ে দাঁড়ায় মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের। সেই সুযোগে শুরু থেকে ব্যাটে ঝড় তুলে দলের জয়টা একেবারে সহজ করে দিয়ে যান কিউই ওপেনার মার্টিন গাপটিল। তাসকিনের বলে কট বিহাইন্ড হওয়ার আগে ১৯ বলে ৩ চার ও ৪ ছয়ে ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। গাপটিলের বিদায়ের পর ওয়ানডেতে অভিষেক হওয়া ডেভন কনওয়েকে নিয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ওপেনার হেনরি নিকলস। ব্যক্তিগত ২৭ রানে হাসান মাহমুদের বলে মাহমুদউল্লাহর হাতে বন্দী হয়ে কনওয়ে ফিরলে বাকি কাজটা সারেন আরেক অভিষিক্ত উইল ইয়ং (১১)। নিকলস অপরাজিত ছিলেন ৫৩ বলে ৬ চারে ৪৯ রান করে।
এর আগে কিউই বোলারদের সামনে অসহায় টাইগাররা ছিল আসা-যাওয়ার মাঝে। বোল্টের করা ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তামিম। টাইগার ওপেনার ১৫ বলে করেছেন ১৩ রান। তামিমের বিদায়ের পরপরই একই ওভারের চতুর্থ বলে কনওয়ের হাতে বন্দী হয়ে বিদায় নেন সৌম্য সরকার (০)।
জীবন পেয়েও ইনিংসটাকে বড় করতে পারেননি আরেক ওপেনার লিটন দাশ। তৃতীয় উইকেট হিসেবে বিদায় নেন তিনি। তার ৩৬ বলে ১৯ রানের ইনিংসটি সাজানো ছিল ১ চারে। বিপদের সময় বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি কেউ। তবে দাঁড়াতে চেষ্টা করেছিলেন মুশফিকুর রহিম (২৩)। কিন্তু ৪৯ বল মোকাবেলা করেও তিনি ব্যর্থ হোন ব্যাট হাতে। এরপর রান আউটের শিকার হোন মোহাম্মদ মিঠুন (৯)। তার বিদায়ের পর জোড়া আঘাত হেনে মেহেদী হাসান মিরাজ (১) ও ওয়ানডেতে অভিষেক হওয়া মেহদেী হাসানকে (১৪) সাজঘরে ফেরান মিচেল স্যান্টনার।
কিউইদের হয়ে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন বোল্ট। দুটি করে উইকেট ভাগাভাগি করেছেন জিমি নিশাম ও স্যান্টনার। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো নিউজিল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন বোল্ট।








