স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫১, ৭ মার্চ ২০২১

পুঁজিবাজারে লুব-রেফের প্রথম লেনদেন মঙ্গলবার

পুঁজিবাজারে লুব-রেফের প্রথম লেনদেন মঙ্গলবার

পুঁজিবাজারে ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফের (বাংলাদেশ) শেয়ার লেনদেন আগামী শুরু মঙ্গলবার থেকে। ‘এন’ক্যাটাগরি লুব-রেফের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে: “LRBDL” এবং কোম্পানি কোড হচ্ছে : ১৫৩২৩।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানি সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ লুব-রেফের লটারিতে বিজয়ীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে আইপিও শেয়ার জমা করা হয়। ২৩ ফেব্রুয়ারি কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লটারির ড্র অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করেছিল। কোম্পানিটির আইপিওতে ১২ দশমিক ৩৯ গুণ আবেদন জমা পড়ে। 
গত বছরের ১৮ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৯তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট।
কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করতে ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার ইস্যু করে। এর মধ্যে সাধারন বিনিয়োগকারীদের কাছ থেকে ৬১ কোটি ৭ লাখ ৮৩ হাজার ২০০ টাকা সংগ্রহ করতে ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করে। এতে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা। আর কোম্পানিটির বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করে ৮৮ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৮০০ টাকা উত্তোলন করবে। নিলামে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়