News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২৮, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ২১:২৯, ১৩ মার্চ ২০২৬

২৭৫ রানের তাড়ায় ব্যাট করতে নেমে ধুঁকছে বাংলাদেশ, বৃষ্টিতে বন্ধ ম্যাচ

২৭৫ রানের তাড়ায় ব্যাট করতে নেমে ধুঁকছে বাংলাদেশ, বৃষ্টিতে বন্ধ ম্যাচ

ছবি: সংগৃহীত

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বড় লক্ষ্য তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া ২৭৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় মাত্র ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা। ইনিংসের সপ্তম ওভারে খেলা চলাকালীন বজ্রপাতসহ প্রচণ্ড বৃষ্টি শুরু হলে আম্পায়াররা ম্যাচ সাময়িক বন্ধ ঘোষণা করেন।

২৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানি পেসারদের আগুনঝরা বোলিংয়ের মুখে পড়ে টাইগাররা। স্কোরবোর্ডে মাত্র ১৩ রান যোগ হতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার। তানজিদ হাসান তামিম ৭ বলে মাত্র ১ রান করে আউট হওয়ার পর সাইফ হাসানও ১২ বলে ১২ রানের বেশি এগোতে পারেননি।

টপ অর্ডারের এই ধস সামাল দিতে ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ব্যর্থ হন। শাহীন শাহ আফ্রিদির একটি ইনসুইঙ্গারে বোল্ড হয়ে ব্যক্তিগত শূন্য রানেই বিদায় নেন তিনি। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার ৩ বলে ৩ উইকেটে ২৭ রান। বর্তমানে লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয় অপরাজিত থেকে ইনিংস মেরামতের লড়াই চালাচ্ছেন। ঠিক সেই সময় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে খেলোয়াড়দের মাঠ ছাড়তে হয় এবং ম্যাচ আপাতত বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন পাকিস্তানের ওপেনার সাজ সাদাকাত। অন্য ওপেনার সাহিবজাদা ফারহানকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি।

আরও পড়ুন: সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

মাত্র ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন সাদাকাত। ওপেনিং জুটিতে আসে ১০৩ রান। ইনিংসের ১৩তম ওভারে সাদাকাতকে আউট করে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে ৪৬ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কা।

এরপর ব্যাট করতে নামেন তরুণ ক্রিকেটার শামিল হুসাইন। তিনি ফারহানের সঙ্গে জুটি গড়ে কিছুটা সময় ব্যাট করলেও শেষ পর্যন্ত ৪৬ বলে ৩১ রান করে আউট হন ফারহান। কিছুক্ষণ পর ২২ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন শামিলও।

এরপর চতুর্থ উইকেট জুটিতে পাকিস্তানের ইনিংসকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। দুজন মিলে গড়েন ১০৯ রানের গুরুত্বপূর্ণ জুটি। বিতর্কিত রানআউট হওয়ার আগে ৬৩ বলে ৬৪ রান করেন সালমান, যার ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছক্কা। অন্যদিকে রিজওয়ান করেন ৪৪ রান।

এই দুই ব্যাটার আউট হওয়ার পর পাকিস্তানের শেষ দিকের ব্যাটাররা বড় কিছু করতে পারেননি। শেষ ছয় ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ১৪ রান করেন ফাহিম আশরাফ। এছাড়া আব্দুল সামাদ ১১, হুসাইন তালাত ৯, শাহীন শাহ আফ্রিদি ৩, মোহাম্মদ ওয়াসিম ১ এবং হারিস রউফ ২ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিশাদ হোসেন। দুটি উইকেট পান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এছাড়া আরও তিনজন বোলার একটি করে উইকেট শিকার করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়