র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী দল
ফাইল ছবি
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে।
শুক্রবার প্রকাশিত এই তালিকায় দেখা গেছে, পুরুষদের টেস্ট এবং নারীদের ওয়ানডে উভয় ফরম্যাটেই নিজেদের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের জন্য এই হালনাগাদ বয়ে এনেছে দ্বিমুখী সুখবর। নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে ইতিহাস গড়েছে টাইগ্রেসরা, অন্যদিকে পুরুষ টেস্ট ক্রিকেটেও রেটিং পয়েন্ট বাড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে নিশ্বাস ফেলছে নাজমুল হোসেন শান্তর দল।
পুরুষ টেস্ট র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে শীর্ষ দুটি স্থানে কোনো পরিবর্তন আসেনি। ১৩১ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া প্রথম এবং ১১৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় অবস্থানে থেকে নিজেদের দাপট বজায় রেখেছে। তবে তৃতীয় ও চতুর্থ স্থানে বড় রদবদল ঘটেছে। ইংল্যান্ডকে পেছনে ফেলে ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে ভারত। বিপরীতে, পাকিস্তানের কাছে সিরিজ হার এবং ঘরের মাঠে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুরোনো জয়ের হিসাব র্যাঙ্কিং থেকে বাদ পড়ায় ১০২ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে ইংলিশরা।
অন্যান্য দলগুলোর মধ্যে নিউজিল্যান্ড (১০১) পঞ্চম স্থানে রয়েছে। শ্রীলঙ্কাকে (৮৬) পেছনে ফেলে ৮৯ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে পাকিস্তান। ২০২৪ সালে বাংলাদেশের কাছে ঘরের মাঠে ২-০ ব্যবধানে হারলেও, পুরোনো সিরিজগুলোর পয়েন্ট বিন্যাসের কারণে তাদের এই উন্নতি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো আয়ারল্যান্ড ও আফগানিস্তানের র্যাঙ্কিং থেকে ছিটকে পড়া। নির্দিষ্ট সময়ে (মে ২০২৫ থেকে বর্তমান) ন্যূনতম আটটি টেস্ট না খেলায় এই দুই দল তালিকার বাইরে চলে গেছে। র্যাঙ্কিংয়ে ফিরতে হলে আগামী এক বছরে তাদের অন্তত দুটি করে টেস্ট খেলতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশ নারী দলকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা
বাংলাদেশ পুরুষ টেস্ট দল আগের মতো নবম স্থানেই অবস্থান করছে। তবে হালনাগাদে টাইগারদের ৪ রেটিং পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, যার ফলে বর্তমানে তাদের সংগ্রহ ৬৭ পয়েন্ট। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের (৬৮) সাথে বাংলাদেশের ব্যবধান এখন মাত্র ১ পয়েন্টের। জিম্বাবুয়ে ১০ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে অবস্থান করছে। আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের মে মাস থেকে বর্তমান পর্যন্ত সব ম্যাচের ফলাফল শতভাগ এবং আগের দুই বছরের পারফরম্যান্স ৫০ শতাংশ বিবেচনায় নিয়ে এই নতুন তালিকা তৈরি করা হয়েছে।
নারীদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পেছনে ফেলে অষ্টম থেকে সপ্তম স্থানে উঠে এসেছে। বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৭৩, যেখানে পাকিস্তানের সংগ্রহ ৭২। নারীদের ওয়ানডে ফরম্যাটে শীর্ষ ছয়টি স্থানে কোনো পরিবর্তন আসেনি। যথারীতি ১৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। পরের পাঁচটি স্থানে রয়েছে ইংল্যান্ড (১২৮), ভারত (১২৪), দক্ষিণ আফ্রিকা (১০০), নিউজিল্যান্ড (৯৩) ও শ্রীলঙ্কা (৮৯)।
শ্রীলঙ্কা তাদের ষষ্ঠ স্থান ধরে রাখলেও নিউজিল্যান্ডের সাথে পয়েন্ট ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। অন্যদিকে, পর্যাপ্ত ম্যাচ না খেলায় নারী ক্রিকেটের ওয়ানডে র্যাঙ্কিং থেকে সাময়িকভাবে বাদ পড়েছে থাইল্যান্ড ও নেদারল্যান্ডস। নবম ও দশম স্থানে যথারীতি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।
আইসিসি জানিয়েছে, বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদের এই ধারা অব্যাহত থাকবে। আগামী ৫ মে পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিং এবং ৭ মে পুরুষদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের নতুন তালিকা প্রকাশ করা হবে। সেখানেও বাংলাদেশের দলগুলোর অবস্থান ও পয়েন্টে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা।
নিউজবাংলাদেশ.কম/পলি








