আইনি লড়াই শেষে এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম শপথ নিয়েছেন।
বুধবার (০৬ মে) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় শপথগ্রহণ সম্পন্ন হয়। শপথ শেষে তিনি সংসদ সচিবের কক্ষে গিয়ে আনুষ্ঠানিকভাবে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংবিধানের অনুচ্ছেদ ১৪৮-এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
আরও পড়ুন: শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা
এর আগে, গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়সীমা অতিক্রম করে বিকেল ৪টা ১৯ মিনিটে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিলে বিলম্বের কারণ দেখিয়ে নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি। পরবর্তীতে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হলে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুসারে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে, যার ভিত্তিতেই তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। এর মধ্যে জামায়াত জোট পেয়েছে ১৩টি আসন। এর আগে, গত ৩ মে রাতে একই আসনের নবনির্বাচিত আরও ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন, যেখানে বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন সদস্য শপথ নেন। নুসরাত তাবাসসুমের শপথের মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনের সব সদস্যের শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলো।
নিউজবাংলাদেশ.কম/পলি








