স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩০, ৬ মার্চ ২০২১

ইংলিশদের গুড়িয়ে দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

ইংলিশদের গুড়িয়ে দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ভারতের জন্য সমীকরণটা বেশ সহজ।  কারণ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টটা ড্র করতে পারলেই আইসিসির প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখাতো বিরাট কোহলির দল।  দারুণ ক্রিকেট উপহার দিয়ে ইংলিশদের দিল ইনিংস হারের লজ্জা দিয়েছে স্বাগতিকরা।

ভারতের আহমেদাবোদের মোতেরায় সফরকারীদের ইনিংস ও ২৫ রানে হারিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে ভারত।  সেই সঙ্গে নাম লিখিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।  আগামী জুনে লর্ডসে টুর্নামেন্টের ফাইনালে তাদের লড়তে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই লড়াইয়ে জয়ী দল পরবে টেস্ট শ্রেষ্ঠত্বের মুকুট।

মোতেরায় নরেন্দ্র মোদির নামে নতুন স্টেডিয়ামে আগের টেস্টে দুইদিনে ইংলিশদের ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল ভারত, এবার তারা ইনিংস ব্যবধানে জিতল তিনদিনে।  এক কথায় ভারতের স্পিনেই কপাল পুড়লো ইংল্যান্ডের।  টেস্টে প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হওয়া দলটি দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আর অক্ষর প্যাটেলের তোপেই শেষ হয়ে গেল।  এবার অলআউট মাত্র ১৩৫ রানে। স্পিনার অশ্বিন ও অক্ষর ৫টি করে উইকেট তুলে নেন।

অবশ্য প্রথম ইনিংসে রিশাভ পান্ত আর ওয়াশিংটন সুন্দরকে আউট করার সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো। এই দুজনেই ঘুরিয়ে দিয়েছেন টেস্টটি। ইংল্যান্ডের ২০৫ রানের জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ১৪৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। সেখান থেকে পান্ত আর সুন্দরের ১১৩ রানের ম্যাচ ঘুরানো জুটি।  পান্ত সেঞ্চুরি তুলে আগের দিন ফিরলেও সুন্দর টেস্টের চতুর্থ দিন ভারতকে আরও অনেকটা পথ এগিয়ে নিয়েছেন।

অক্ষর প্যাটেলের সঙ্গে অষ্টম উইকেট জুটিতে ৯৪ রান তোলেন সুন্দর। অক্ষর আউট হন ৪৩ করে।  যেমন ব্যাটিং করেছেন, সুন্দরের সেঞ্চুরিটা প্রাপ্যই ছিল।  কিন্তু সঙ্গীর অভাবে ৯৬ রানেই থামতে হয় এই ব্যাটসম্যানকে।  ভারত পায় ৩৬৫ রানের সংগ্রহ। জবাবে দ্বিতীয়বার নেমে শুরু থেকেই স্বস্তিতে ছিল না ইংল্যান্ড।  অশ্বিন-অক্ষরের ঘূর্ণিতে ৩০ রানের মধ্যে শীর্ষ ৪ ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকে সফরকারিরা। 

দলের বিপদে একটু প্রতিরোধ গড়েছেন ড্যান লরেন্স।  সাত নম্বরে নামা এই ব্যাটসম্যান কাটায় কাটায় ৫০ রান করে দলের শেষ ব্যাটসম্যান হিসেবে ফিরলে ১৩৫ রানে থামে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস।  ফল: ভারত ইনিংস এবং ২৫ রানে জয়ী।  সিরিজ: চার ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে জয়ী ভারত।

 

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়