স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৭, ৭ আগস্ট ২০২৬

রিয়াল মাদ্রিদে ২০৩২ সাল পর্যন্ত থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র

রিয়াল মাদ্রিদে ২০৩২ সাল পর্যন্ত থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তি অনুযায়ী, তিনি ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির হয়ে খেলবেন।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তাকে দলে ভেড়াতে ইংলিশ ক্লাব আর্সেনালের আগ্রহের খবর শোনা গেলেও, সব গুঞ্জনের অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ২৬ বছর বয়সী এই তারকা। বুধবার ক্লাবের দেওয়া নতুন প্রস্তাবে সম্মতি দেন তিনি।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ক্লাবের সাম্প্রতিক সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন ভিনিসিয়ুস।

২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস। এরপর আট মৌসুমে তিনি ৩৭৫ ম্যাচে ১২৮টি গোল করেছেন। এই সময়ে ক্লাবটির হয়ে জিতেছেন ১৪টি শিরোপা, যার মধ্যে রয়েছে দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা, একটি কোপা দেল রে, তিনটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ এবং তিনটি স্প্যানিশ সুপার কাপ।

রিয়ালের হয়ে ইউরোপীয় সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভিনিসিয়ুস। বিশেষ করে ২০২২ ও ২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তার পারফরম্যান্স ছিল দলের শিরোপা জয়ের অন্যতম ভিত্তি।

ব্যক্তিগত অর্জনেও সমৃদ্ধ এই ব্রাজিলিয়ান। ২০২৪ সালে তিনি ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হন। এছাড়া চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপে একাধিক ব্যক্তিগত পুরস্কার অর্জন করেছেন। পাশাপাশি টানা দুই বছর ফিফা ফিফপ্রো ওয়ার্ল্ড একাদশ এবং তিন মৌসুম ধরে চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুন: ফিফা বাণিজ্য বিতর্কে ক্ষমা চেয়ে পদে বহাল ইনফান্তিনো

ব্রাজিল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৫৪ ম্যাচে ১৩ গোল করা ভিনিসিয়ুস সম্প্রতি প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য রিয়াল মাদ্রিদ দলে যোগ দিয়েছেন। প্রায় দেড় বছর ধরে চলা আলোচনা শেষে শেষ পর্যন্ত নিজের পছন্দের ক্লাবেই দীর্ঘমেয়াদে থাকার সিদ্ধান্ত নিলেন এই তারকা ফুটবলার।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়