সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরকালে তার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতেও যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এ সফর ঘিরে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এরই মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
জানা গেছে, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
কূটনৈতিক ও দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সেখানে সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন তিনি। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের তথ্যমতে, নিউইয়র্কের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হতে পারে। এরপর ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর সান ফ্রান্সিসকোতে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সান ফ্রান্সিসকো সফরকে কেন্দ্র করে ক্যালিফোর্নিয়ায় প্রস্তুতিও শুরু হয়েছে। প্রযুক্তি ও উদ্ভাবনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বে এরিয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশি উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ বসবাস করেন। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এ সফরের আয়োজন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নাগরিক সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের প্রস্তুতি চলছে।
ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন ভোটার, প্রকাশিত হলো চূড়ান্ত তালিকা
সার্বিক পরিকল্পনা অনুযায়ী, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিন স্থায়ী হতে পারে। তবে সফরের চূড়ান্ত সময়সূচি ও আনুষ্ঠানিকতা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজ এখনো চলছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








