রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন ভোটার, প্রকাশিত হলো চূড়ান্ত তালিকা
ছবি: সংগৃহীত
ঢাকা: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ইসি সচিব আখতার আহমেদ এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে জাতীয় সংসদের ২৯৯ জন সাধারণ আসনের এবং ৫০ জন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রয়েছেন। উচ্চ আদালতের রায়ের কারণে চট্টগ্রাম-৪ আসনের সদস্যের প্রার্থিতা বাতিল হওয়ায় ওই আসনটি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে।
আরও পড়ুন: চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার
তফসিল অনুসারে, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন; আর একক বৈধ প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা হবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








